আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক ম্যাচেই তিনি নিয়েছেন ৫টি ক্যাচ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্যভুক্ত দেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবারের মতো এই অসাধারণ কীর্তি গড়লেন তামিম; এর আগে কোনো টেস্ট-স্ট্যাটাস পাওয়া দেশের ক্রিকেটার এক ম্যাচে ৫টি ক্যাচ ধরতে পারেননি।
চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হামফ্রিজ, জর্জ ডকরেল এবং বেন হোয়াইট—মোট পাঁচ ব্যাটসম্যান তামিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। এর আগে, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। স্টার্লিংয়ের ৩৮ রানে ভর করে ১৯.৫ ওভারে আইরিশরা সংগ্রহ করে ১১৭ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও রিশাদ শিকার করেন তিনটি করে উইকেট। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১৮ রান।
টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় এখন তিনজন আছেন—
৫: ওয়েদাগে মলিন্দা (মালদ্বীপ) বনাম কাতার, দোহা, ২০২৩
৫: সেদিক সাহাক (সুইডেন) বনাম আইল অব ম্যান, ট্রোমোড, ২০২৫
৫: তানজিদ হাসান তামিম (বাংলাদেশ) বনাম আয়ারল্যান্ড, চট্টগ্রাম, ২০২৫



