আমেরিকাজুড়ে শুরু হয়ে গেছে বড়দিন উদযাপনের বর্ণিল প্রস্তুতি। শীতের শুরুতেই দেশটির বিভিন্ন শহরে সাজানো হচ্ছে বিশাল ক্রিসমাস ট্রি, রঙিন আলো এবং চোখধাঁধানো লাইট শো। রাজ্যভেদে পার্ক, স্কয়ার, শপিং মল ও বাড়িঘরগুলোতে ঝলমলে আলোকসজ্জা এখন উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছে চারদিকে।
নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, টেক্সাস, বোস্টনসহ বড় শহরগুলোতে ইতোমধ্যেই উন্মুক্ত করা হয়েছে ক্রিসমাস লাইট ডিসপ্লে ও উইন্টার ভিলেজ। বিশেষ করে নিউইয়র্কের রকফেলার সেন্টারের ঐতিহ্যবাহী জায়ান্ট ক্রিসমাস ট্রি—যা প্রতিবছরের মতো এবারও লাখো পর্যটককে আকৃষ্ট করছে—শহরে আনছে উৎসবের বিশেষ আবহ। বিভিন্ন কমিউনিটি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে লাইট ফেস্টিভ্যাল, ট্রি–লাইটিং সেরিমনি এবং পরিবারকেন্দ্রিক নানা ইভেন্ট আয়োজন করা হচ্ছে।
বড়দিনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও ইতোমধ্যে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার—সব জায়গায়ই দেখা যাচ্ছে লাল-সবুজ-সোনালি আলোর ঝলক। শিশুদের জন্য সান্তা হাউস, শীতকালীন প্যারেড এবং মিউজিক্যাল লাইট শো শুরু হয়েছে একাধিক শহরে।
ফলে বলা যায়, ডিসেম্বরের শুরুতেই আমেরিকা এখন পুরোপুরি বড়দিনের রঙিন আবহে উৎসবমূখর—প্রতিটি কোণায় ঝলমলে আলো, বিশাল ট্রি এবং আনন্দঘন প্রস্তুতি চলছে বড়দিনকে স্বাগত জানানোর।



