মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য হলেও তাকে তা দেওয়া হচ্ছে না, কারণ তিনি লিবারেল নন। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।”
এই মন্তব্যটি আসে ঠিক কয়েকদিন পর, যখন পাকিস্তান সরকার তাকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। পাকিস্তানের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জানানো হয়, “ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত।”
তবে এই মনোনয়নকে ঘিরে ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। বরং আগেই তাদের অবস্থান স্পষ্ট করে বলে দিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান সম্পর্কিত ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।
ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার সেই অবদান উপেক্ষিত হয়েছে।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন, তা নির্ধারণ করবে নরওয়েজিয়ান নোবেল কমিটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মনোনয়ন ও প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই করে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।



