মাঠের লড়াইয়ে বহুবার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে নতুন এক ভূমিকায় তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। স্পেনের দ্বিতীয় বিভাগের দুটি ক্লাবের মালিকানা নেওয়ার পর আগামী বছর মুখোমুখি হতে পারেন ফুটবলের এই দুই মহাতারকা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার মালিকানা কিনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার একই বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা নিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘদিন ধরে ক্লাবটির মালিকানা নেওয়া নিয়ে আলোচনা চলছিল। বৃহস্পতিবার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মালিকানায় ক্লাবটির শত বছরেরও বেশি পুরোনো ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।
এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের ক্লাব ইউই কর্নেলার মালিকানাও কিনেছেন মেসি। বর্তমানে তার নতুন ক্লাব এলদেনসে দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে রয়েছে। অন্যদিকে ২২ দলের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে আছে রোনালদোর মালিকানাধীন আলমেরিয়া। সাত ম্যাচ শেষে আলমেরিয়ার সংগ্রহ ১৫ পয়েন্ট, আর এলদেনসের পয়েন্ট ৫।
আগামী ২ মে ২০২৭ এলদেনসে ও আলমেরিয়া মুখোমুখি হওয়ার কথা রয়েছে। মেসি ও রোনালদো ক্লাব দুটির মালিকানা নেওয়ার পর এটিই হবে তাদের মালিকানাধীন দুই দলের প্রথম সাক্ষাৎ। ওই ম্যাচে আলমেরিয়াকে আতিথেয়তা দেবে এলদেনসে।
খেলোয়াড় হিসেবে স্পেনে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি ও রোনালদো। বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। এবার সেই পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় দেখা যেতে পারে ক্লাব মালিক হিসেবে।



