পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাবিশ’ আবারও বাংলাদেশে আসছে। আগামী ডিসেম্বর মাসে ঢাকার একটি জনপ্রিয় ভেন্যুতে ব্যান্ডটি গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন। ইতোমধ্যে অনলাইনে কনসার্টের প্রচারণা শুরু হয়েছে এবং চলতি মাসেই টিকিট বিক্রি শুরু হবে বলে জানা গেছে।
এর আগে এ বছরের ২৪ ও ২৫ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামে পরিবেশনা করে ব্যান্ডটি; যার আয়োজন করেছিল ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে সেমি-ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাবিশ’ গঠন করেন। ‘বাচপান’ এবং ‘তেরে পেয়ার মে’–এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তারা পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।



