কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক–২০২৬ প্রদান করছে সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননার তালিকা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে একুশে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভাষা আন্দোলনের চেতনা ও জাতীয় জীবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের এ পদকে ভূষিত করা হচ্ছে।
এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন—চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।
বিভিন্ন ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্মের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানানো হয়। একুশে পদক ঘোষণার খবরে সংশ্লিষ্ট অঙ্গনে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে।



