আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ দিকে দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়েন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবার সেই ক্যাপিটালস পরিবারেরই আরেক প্রতিনিধি দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিটি তাকে দলে ভিড়িয়ে শিরোনাম হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে জানায়, ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। আইপিএলেও একইভাবে মৌসুমের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হয়ে সুযোগ পেয়েছিলেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম হওয়ার কথা থাকলেও, তার আগেই ‘কাটার মাস্টার’ নিশ্চিত করলেন নিজের দল। প্রতিযোগিতা মাঠে গড়াবে ২ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ জানুয়ারি।
দেশের বাইরের লিগে এটি হবে মোস্তাফিজের চতুর্থ অভিজ্ঞতা। এর আগে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের এই আসরেও তার কাটার ও স্লোয়ারে ভর করে সাফল্যের প্রত্যাশা করছে নতুন দল দুবাই ক্যাপিটালস।



