যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সম্প্রতি এ বিষয়ে নতুন আইন আনার ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। আইন কার্যকর হলে রেড বুলের মতো জনপ্রিয় পানীয় শিশু-কিশোরদের কাছে আর বিক্রি করা যাবে না।
বার্তা সংস্থা এএফপি জানায়, স্বাস্থ্যমন্ত্রী বলেন—‘শিশুদের স্বাস্থ্য রক্ষায় দোকানগুলোকে এ ধরনের পানীয় বিক্রি থেকে বিরত রাখা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুখী করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ সরকারি তথ্যে দেখা গেছে, ব্রিটেনে ১৩ থেকে ১৬ বছর বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে একজন নিয়মিত অ্যানার্জি ড্রিংক পান করে। এসব পানীয়তে অনেক সময় দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে।
যদিও ব্রিটেনের বেশিরভাগ সুপারমার্কেট ইতিমধ্যে স্বেচ্ছায় বয়সসীমা আরোপ করেছে, এবার সেটিকে আইনের আওতায় আনছে সরকার। তবে কম ক্যাফেইনযুক্ত পানীয় যেমন ডায়েট কোক, চা বা কফি এ নিষেধাজ্ঞার আওতায় আসবে না। এ বিষয়ে বিশেষজ্ঞ, অভিভাবক, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নিতে ১২ সপ্তাহব্যাপী পরামর্শ কার্যক্রম চলবে।
বর্তমান আইন অনুযায়ী, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত পানীয়তে সতর্কবার্তা লিখতে হয়—‘শিশুদের পানের জন্য নয়।’ নতুন আইন কার্যকর হলে এ সতর্কবার্তার পাশাপাশি বয়সসীমা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অ্যানার্জি ড্রিংক হয়তো ক্ষতিকারক মনে নাও হতে পারে; কিন্তু এগুলো শিশুদের ঘুম, মনোযোগ ও সামগ্রিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি অতিরিক্ত চিনি দাঁতের ক্ষতি করছে এবং স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে।



