চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী ইতিহাস তৈরি করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সাল কলেজ লন্ডন (UCL) হাসপাতালের শল্যচিকিৎসকরা। এই অস্ত্রোপচার সফল না হলে বেডফোর্ডশায়ারের দুই সন্তানের জনক ও পেশায় গ্রাহক সেবা ব্যবস্থাপক ৪৮ বছর বয়সী রিলিস হিববার্ট (Rhys Hibbert) চিরতরে তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারতেন। চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের অতি সংবেদনশীল অংশের জটিল টিউমারটি সফলভাবে অপসারণ করেছেন।
অস্ত্রোপচার চলাকালীন সময় এই এআই প্রযুক্তিটি সরাসরি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কিন্তু আড়ালে থাকা রক্তনালী ও স্নায়ুগুলো কীভাবে নিখুঁতভাবে এড়িয়ে চলা যায়, সে বিষয়ে শল্যচিকিৎসকদের বাস্তব সময়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেয়। এতে করে চিকিৎসকদের কাজ অনেক সহজ হয়ে যায় এবং কোন ক্ষতি না করে নিরাপদে টিউমারের সর্বোচ্চ অংশ অপসারণ করা সম্ভব হয়।
নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে হিববার্ট জানান, “রোগীর নিরাপত্তার দিক থেকে আমি এ প্রযুক্তির সুবিধা পুরোপুরি দেখতে পাচ্ছি। আমাদের মাথার ভেতরে তো আর কোনো রাস্তার দিকনির্দেশক চিহ্ন নেই!” উল্লেখ্য, ১৮ মাস আগে হাঁটার সময় হঠাৎ অজ্ঞান হয়ে খিঁচুনিতে আক্রান্ত হলে হিববার্টের মস্তিষ্কে এই ১১ মিমি টিউমারটির অস্তিত্ব শনাক্ত হয়েছিল।



