বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করছে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে ছবিটি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) কর্তৃক গঠিত অস্কার কমিটি এ ঘোষণা দেয়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ফুটে উঠেছে। ছবিটি পরিচালনা করেছেন লিসা গাজী এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা।
এর আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম ও মুম্বাইয়ের আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করেছে এটি। এবার অস্কারের মঞ্চে পৌঁছে যাবে বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের কাছে।
চিত্রনাট্য লিখেছেন পরিচালক লিসা গাজী ও আনান সিদ্দীকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির, সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনায় আছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। সিনেমার অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের এক মফস্বল শহরে এবং বাকিগুলো ইংল্যান্ডের একটি ছোট শহরে। সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে এবং শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে, কোনো ডাবিং ছাড়াই।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’। ছবির কেন্দ্রীয় চরিত্র দীপা, যিনি নিজের স্বপ্ন পূরণের জন্য লড়ে যাওয়া এক সাহসী নারী।



