অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে পাওয়া এই জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় রান খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহার। অচেনা জান্নাত ৬ বলে ৬, অধিনায়ক সাদিয়া ইসলাম ১২ এবং বিবি আয়েশা ১৮ বলে ৭ রান করেন। তবে শেষ দিকে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন। পাকিস্তানের হয়ে মাহনুর জাইব তিনটি এবং রোজিনা আকরাম দুটি উইকেট নেন।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ এবং কোমল খান ৩৯ বলে ২৯ রান করেন। তবে দুই ওপেনার ফেরার পরই পাকিস্তানের ইনিংসে ধস নামে। জোফিসান আইয়াজ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এছাড়া ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট শিকার করেন। ফলে ৩০ রানের জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।



