বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। কিন্তু অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগাসন অনুশীলন করলে শরীর ও মন দুটোই প্রশান্ত থাকে, যা অনিদ্রা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। যোগব্যায়াম শুধু ক্লান্তি কমায় না, বরং স্নায়ুকে শান্ত করে, মানসিক চাপ কমায় এবং শরীরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনে।
যোগাসনের মূল উদ্দেশ্য হলো শরীর, মন এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করা। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, মন থাকে প্রফুল্ল এবং স্বাভাবিকভাবে শরীরের গঠন সুগঠিত হয়। একই সঙ্গে অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাহায্য করে এবং বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি কমায়। প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার জন্য এটি একটি কার্যকর পদ্ধতি।
অনিদ্রা দূর করতে বিশেষভাবে উপকারী একটি সহজ যোগাসন হলো বজ্রাসন। এটি মূলত একটি ধ্যানমুখী বসার ভঙ্গি, যা খুব সহজে করা যায় এবং অন্য অনেক ব্যায়ামের মতো ভরপেটে করার নিষেধাজ্ঞা নেই। সহজ হলেও এর উপকারিতা অত্যন্ত বিস্তৃত, তাই এটিকে অন্যতম কার্যকর যোগব্যায়াম বলা হয়।
নিয়মিত বজ্রাসন অনুশীলনে পায়ের গঠন সুন্দর হয়, মেরুদণ্ড সোজা থাকে এবং শরীরের পেশি শক্তিশালী হয়। এটি হজমশক্তি বাড়ায়, পেটের গোলযোগ কমায় এবং সায়াটিকা, আথ্রাইটিস বা কোমর, কাঁধ ও হাঁটুর ব্যথা উপশমে সহায়তা করে। এছাড়া পায়ের খিল ধরা কমে, চুল পড়া নিয়ন্ত্রণে আসে এবং পাইলসের সমস্যাতেও উপকার মেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি মানসিক চাপ কমিয়ে ঘুমের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
বজ্রাসন অনুশীলনের জন্য প্রথমে পা সামনে ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে। এরপর ধীরে ধীরে হাঁটু মুড়ে গোড়ালি জোড়া করে বসুন। উরুর ওপর হাত দু’টি সোজা রাখুন এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিন। এই অবস্থায় প্রায় ২০ সেকেন্ড থাকুন, তারপর ধীরে ধীরে আগের ভঙ্গিতে ফিরে আসুন। প্রতিদিন নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে এর সুফল অনুভব করা যাবে।



