আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লিটন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে ক্রমেই বড় হচ্ছে বাংলাদেশের লিড।
সোমবার (১২ অক্টোবর) চতুর্থ দিনের খেলা শুরু করেন আগের দিনের ৫ রান নিয়ে। এরপর আরও ১৩ রান যোগ করেই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন লিটন। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
ইনিংসের মাঝে দুবার জীবন পেলেও সুযোগ কাজে লাগিয়ে সাবলীল ব্যাটিং চালিয়ে যান লিটন। সাতটি চারের সাহায্যে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি। তাঁর এই ইনিংস বাংলাদেশের সংগ্রহ বাড়ানোর পাশাপাশি দলের অবস্থান আরও শক্তিশালী করেছে।
অন্য প্রান্তে লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশের লিড চারশ রানের গণ্ডি ছাড়িয়ে যায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৪০৬ রানে।



