২০২৬ সালের পুলিৎজার পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সাংবাদিকতার নোবেলখ্যাত এই পুরস্কারে এ বছর আন্তর্জাতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রভাবশালী অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একাধিক বিভাগে দাপট দেখিয়েছে রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট।
জাতীয় রিপোর্টিং ও বিট রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতেছে রয়টার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ব্যবহার ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড এবং মেটার ভূমিকা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তারা এ স্বীকৃতি পেয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের ক্ষমতার অপব্যবহার উন্মোচন করে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। মতামত বিভাগে প্রতিষ্ঠানটির এম গেসেন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে গাজা যুদ্ধের হৃদয়বিদারক ছবি তোলায় সাহের আলগোররা পুরস্কৃত হয়েছেন। জনসেবা বিভাগে ট্রাম্প প্রশাসনের সংস্কার ও তার প্রভাব তুলে ধরে বড় স্বীকৃতি পেয়েছে ওয়াশিংটন পোস্ট। এছাড়া ফিচার ফটোগ্রাফিতে জাহি চিকওয়েন্দিউ পুরস্কার পেয়েছেন।
ব্রেকিং নিউজ রিপোর্টিংয়ে স্কুলে গুলিবর্ষণের সংবেদনশীল কভারেজের জন্য মিনেসোটা স্টার ট্রিবিউন এবং ব্যাখ্যামূলক প্রতিবেদনে বীমা কোম্পানির অনিয়ম নিয়ে সান ফ্রান্সিসকো ক্রনিকল পুরস্কার জিতেছে। স্থানীয় সাংবাদিকতায় দুটি পুরস্কার দেওয়া হয়েছে—একটি গাড়ি টোয়িং আইন নিয়ে কানেকটিকাট মিরর ও প্রোপাবলিকার প্রতিবেদনের জন্য, অন্যটি অভিবাসন অভিযান নিয়ে শিকাগো ট্রিবিউনের কাজের জন্য।
আন্তর্জাতিক রিপোর্টিংয়ে বৈশ্বিক নজরদারি প্রযুক্তি নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কৃত হয়েছে। ফিচার রাইটিংয়ে টেক্সাস মান্থলির অ্যারন পার্সলি বন্যার করুণ কাহিনি লিখে এবং সমালোচনা বিভাগে ডালাস মর্নিং নিউজের মার্ক ল্যামস্টার পুরস্কার পেয়েছেন। ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে ব্লুমবার্গ ও অডিও রিপোর্টিংয়ে ‘পাবলো টরে ফাইন্ডস আউট’ পডকাস্ট দল স্বীকৃতি পেয়েছে।
সাহিত্য, ইতিহাস, নাটক ও সংগীতেও পুরস্কার দেওয়া হয়েছে। কথাসাহিত্যে ড্যানিয়েল ক্রাউস (‘অ্যাঞ্জেল ডাউন’), নাটকে বেস ওহল (‘লিবারেশন’), ইতিহাসে জিল লেপোর (‘উই দ্য পিপল : এ হিস্ট্রি অব দ্য ইউএস কনস্টিটিউশন’), জীবনীতে আমান্ডা ভাইল (‘প্রাইড অ্যান্ড প্লেজার’), আত্মজীবনীতে ইয়িয়ুন লি (‘থিংস ইন নেচার মেয়ারলি গ্রো’), কবিতায় জুলিয়ানা স্পার (‘আরস পোয়েটিকাস’), সাধারণ নন-ফিকশনে ব্রায়ান গোল্ডস্টোন (‘দেয়ার ইজ নো প্লেস ফর আস’), সংগীতে গ্যাব্রিয়েলা লেনা ফ্রাঙ্ক (‘পিকাফ্লোর’) এবং সাংবাদিকতায় দীর্ঘ অবদানের জন্য জুলি কে. ব্রাউন বিশেষ সম্মাননা পেয়েছেন।



