বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হান্টাভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছে। আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দের উপকূলে আটকে থাকা নেদারল্যান্ডসের প্রমোদতরী এমভি হন্ডিয়াসে একের পর এক সংক্রমণের ঘটনায় সংস্থাটি সতর্ক অবস্থানে রয়েছে। তবে তারা স্পষ্ট জানিয়েছে, এটি কোনো নতুন কোভিড মহামারির শুরু নয়, বরং একটি সীমিত প্রাদুর্ভাব যা জাহাজটির মধ্যেই সীমাবদ্ধ।
জাহাজটিতে থাকা হান্টাভাইরাসে আক্রান্ত এক দম্পতি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে গিয়েছিলেন—যেসব এলাকায় ভাইরাসবাহী বিশেষ প্রজাতির ইঁদুরের উপস্থিতি ছিল। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস জানান, প্রাদুর্ভাব কীভাবে ছড়িয়েছে তা তদন্তাধীন এবং আক্রান্তদের যাতায়াত ও সংস্পর্শের তথ্য সংগ্রহে আর্জেন্টিনার সঙ্গে কাজ চলছে। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, জাহাজ চলাচল শুরু করায় যাত্রীদের মনোবল ফিরে এসেছে।
সংস্থার সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ বলেন, সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে এবং আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের জন্য বাড়তি সুরক্ষামূলক পোশাক ও সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করে তিনি জানান, তবে হান্টাভাইরাস সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শ ছাড়া সহজে ছড়ায় না—এটি কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো নয়। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও।



