দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন অভিনেতা সমু চৌধুরী। আর্থিক সংকটের কারণে এত দিন তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারছিল না পরিবার। এবার অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা। বিষয়টি জানার পর অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।
সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানান, তাঁর ছেলে কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, পরিবারের অনুমতি পাওয়ার পরই সমু চৌধুরীর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসার যাবতীয় ব্যয় সংগঠনটি বহন করবে। তিনি বলেন, “সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।”
সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। সে সময়ও তাঁর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিবারের সম্মতি না থাকায় সেই উদ্যোগ আর এগোয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা গেছে অভিনেতাকে। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার পরিবর্তে তাঁর ব্যক্তিগত মর্যাদা রক্ষা এবং চিকিৎসা ও সুস্থতার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভক্তরা।
পরিবারের সম্মতি পাওয়ায় এবার সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটি তাঁর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে বলে জানিয়েছে।



