বাংলাদেশে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শিল্পায়ন এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। সম্প্রতি ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই আলোচনার অন্যতম মূল বিষয় ছিল চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া, যা ডেনমার্কের বিখ্যাত প্রতিষ্ঠান ‘এপিএম টার্মিনালস’ (APM Terminals) দ্বারা বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি দ্রুত গতিতে এগিয়ে নিতে এবং বাংলাদেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন করতে উভয় পক্ষ একটি যৌথ ওয়ার্কিং টিম (Joint Working Team) গঠনের বিষয়ে আলোচনা করেছেন।
চট্টগ্রাম বন্দরে এপিএম টার্মিনালসের এই মেগা উদ্যোগের পাশাপাশি অন্যান্য সম্ভাব্য কৌশলগত খাতে ডেনমার্কের বিনিয়োগের আগ্রহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যৌথ এই পদক্ষেপের ফলে দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ঘটার পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের পরিবেশ আরও সুসংহত হবে।



