পাবনা প্রতিনিধি
লাল কার্ড দেখিয়ে মাদক কে না বললেন পাবনার তরুণ সমাজ। আজ দুপুরে মাদকবিরোধী সাইকেল র্যালী, পথসভার মাধ্যমে তারা মাদককে না বলে লাল কার্ড প্রদর্শণ করেন।
মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা এই শ্লোগানে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন এই কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচীর শুরুতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, ।
পাবনায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এই আয়োজন বলে জানান আয়োজকরা। মাদকের বিরুদ্ধে একটাই শ্লোগান, হয় মাদক ছাড়ো, না হয় পাবনা ছাড়ো।
আর অতিথিরা বলেন, পাবনায় মাদকের ভয়াবহতা বেড়েছে। শুধু প্রশাসনের চেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবার থেকে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। সবাইকে একসাথে নিয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করার কোনো বিকল্প নেই।



