বাংলাদেশে দীর্ঘদিন ধরে মোটরস্পোর্টসের প্রতি আগ্রহ থাকলেও সঠিক অবকাঠামো ও নির্দিষ্ট দিকনির্দেশনার অভাবে উদীয়মান রেসারদের সুযোগ পাওয়ার পথ ছিল রুদ্ধ। অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময় রেেন্টাল কার্টিং সেশনে জয়ের মাধ্যমে এই প্রতিকূলতাকে জয় করার পথ খুঁজে পান আরহাম রহমান। পরবর্তীতে ২০২২ সালে ফ্রান্সে আয়োজিত এফআইএ (FIA) মোটরস্পোর্ট গেমসে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (AAB) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েন তিনি।
ফর্মুলা ৪ মোটরস্পোর্টসের প্রবেশদ্বার হলেও পর্যাপ্ত স্পন্সরশিপ ও অর্থায়নের অভাবে ২০২৩ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সুযোগ হাতছাড়া হতে বসেছিল। তবুও থেমে না থেকে সিমুলেটর ট্রেনিং, ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ন্যাশনাল কার্টিং চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়া এবং ইন্দোনেশিয়ার মান্দালিকা গ্র্যান্ড প্রিক্স সার্কিটে সফল এফ৪ টেস্ট ড্রাইভের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখেন। এবার ফর্মুলা ৪ প্রতিযোগিতায় নিজের প্রথম ক্লাস জয় ও পোডিয়াম স্থান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক সিঙ্গেল-সিটার রেসিংয়ে বাংলাদেশের প্রথম জয়ী চালক হিসেবে আত্মপ্রকাশ করলেন।
আরহামের পরবর্তী লক্ষ্য ২০২৭ সালের ইউরো ফর্মুলা ৩ চ্যাম্পিয়নশিপ এবং দীর্ঘমেয়াদে এফ১ (Formula 1)-এ অংশগ্রহণ করা। তবে তার সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশে এফআইএ মানের কার্টিং অবকাঠামো গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্পষ্ট একটি দিকনির্দেশনা পায়। তার এই ঐতিহাসিক অর্জন প্রমাণ করে যে সঠিক সুযোগ ও মানসিক দৃঢ়তা থাকলে বাংলাদেশী তরুণরাও বৈশ্বিক মোটোরস্পোর্টসের মঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম।



