প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে কর্মসংস্থানের চিত্রও বদলে যাচ্ছে। চীনে এখন চালকবিহীন ট্যাক্সি থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ—সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এই আধুনিক প্রযুক্তি মানুষের প্রাত্যহিক রুটি-রুজির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।
যেমন চীনের উহান শহরের এক ট্যাক্সিচালকের কথাই ধরা যাক। সেখানে চালকবিহীন ট্যাক্সি সেবা চালু হওয়ার পর থেকে তাঁর আয় প্রায় অর্ধেক কমে গেছে। শুধু চালকেরা নন, বিভিন্ন বড় বড় অফিসের সাধারণ কর্মীরাও এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে দেশের বিশাল কর্মশক্তিকে সুরক্ষা দিতে চীনের সরকার এখন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কর্মসংস্থান রক্ষার নানা অভিনব নীতি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে। মানুষের মেধা আর যন্ত্রের এই আধুনিক লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, সেটাই এখন দেখার বিষয়!



