দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারালেও ম্যাচটি ঘিরে আলোচনা এখনও থামেনি। বিশেষ করে লিওনেল মেসির একটি ট্যাকল নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যা নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করলেও আলজেরিয়ার চোখ ছিল রেফারির কিছু সিদ্ধান্তের দিকে। সবচেয়ে বেশি নজর কাড়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসির একটি ট্যাকল। রয়টার্সকে দেয়া সূত্র জানিয়েছে, ফিফার রেফারিং কমিশনে পাঠানো অভিযোগে আলজেরিয়া প্রথমার্ধের একটি ঘটনার কথা উল্লেখ করেছে, যেখানে মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেন বলে অভিযোগ।
ঘটনাটি ঘটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই। এরপর মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) সমতায় পৌঁছে যান। কানসাস সিটির এই ম্যাচ পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন—সেই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।
এই হারের পর আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া, টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচ তাদের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে, আর্জেন্টিনা পরের ম্যাচে খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।



