বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার আগে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে কঠিন লড়াই করে জেতার পর লিওনেল স্কালোনির শিষ্যরা বুঝে গেছেন, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই মিশরকে নিয়েও বাড়তি সতর্ক আলবিসেলেস্তেরা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, বিশ্বকাপে এখন এমন পর্যায় এসেছে যেখানে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। তিনি উল্লেখ করেন, ব্রাজিলের বিদায় সবাইকে অবাক করলেও এটি প্রমাণ করে যে এখানে কোনো ম্যাচ সহজ নয় এবং প্রতিটি দলই দারুণভাবে প্রস্তুত। ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও একই সুরে বলেন, মিশর আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হতে পারে, কারণ কেউ কাউকে কিছু উপহার দেয় না—সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলে।
বিশ্বচ্যাম্পিয়ন হলেও আত্মতুষ্টিতে ভুগছে না আর্জেন্টিনা; বরং খেলোয়াড়দের বক্তব্যে স্পষ্ট, তারা মিশরকে যথেষ্ট সমীহ করছে এবং কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছে। মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ লড়াই, যার বিজয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে।



