যুক্তরাষ্ট্রের মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের সাম্প্রতিক ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো এদিন নিজের স্বাভাবিক জাদু দেখাতে না পারলেও গ্যালারিতে উপস্থিত তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
ম্যাচ চলাকালে রোনালদোর সন্তানেরা বাবার নাম ও বিখ্যাত সাত নম্বর লেখা জার্সি পরে খেলা উপভোগ করছিল। তবে সবার দৃষ্টি আকর্ষণ করে জর্জিনার পরা সাদা-কালো রঙের একটি বিশেষ জার্সি। জার্সিটিতেও সাত নম্বর ছিল, কিন্তু রোনালদোর নামের পরিবর্তে সেখানে বড় অক্ষরে লেখা ছিল ‘মিমোয়া’। বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত এই ম্যাচে টেলিভিশন ক্যামেরা যতবার জর্জিনার দিকে ফোকাস করেছে, ততবারই দর্শকদের মধ্যে ‘মিমোয়া’ নামটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
জানা গেছে, ‘মিমোয়া’ হলো জর্জিনা রদ্রিগেজের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। মূলত নারীদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য আরামদায়ক এবং আধুনিক পোশাক তৈরির লক্ষ্যেই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। বিপুল দর্শকপ্রিয়তার এই ম্যাচকে কাজে লাগিয়ে জর্জিনা অত্যন্ত কৌশলী উপায়ে নিজের ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।
বিশেষজ্ঞদের মতে, যেখানে নতুন কোনো ব্র্যান্ডকে পরিচিত করতে অনেক প্রতিষ্ঠানকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়, সেখানে জর্জিনা প্রায় বিনা খরচেই কোটি কোটি দর্শকের সামনে ‘মিমোয়া’ ব্র্যান্ডের প্রচারণা চালাতে সক্ষম হয়েছেন। ফলে মাঠের খেলায় রোনালদো গোল করতে না পারলেও, গ্যালারিতে বসে জর্জিনা ব্যবসায়িক প্রচারণার দিক থেকে বড় ধরনের সাফল্য অর্জন করেছেন।



