‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্প যত এগোচ্ছে, ততই যুক্ত হচ্ছে নতুন চরিত্র ও চমক। এবার নেহাল-কাবিলাদের বাসায় হাজির হয়ে সেই চমকের মাত্রা আরও বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ‘ইংলিশ লেবু’ নামের চরিত্রে তার আগমন নতুন করে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। এই চ্যাপ্টারেই প্রথমবারের মতো দেখা গেছে আ খ ম হাসানকে। ‘ইংলিশ লেবু’ চরিত্রে তার উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে তার সাজসজ্জা ও চরিত্রের লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
শুধু আ খ ম হাসানই নন, নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছে আরও একটি নতুন চরিত্র। ‘কাজী ভাই’ চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন তিনি। ‘ইংলিশ লেবু’ ও ‘কাজী ভাই’—দুই নতুন চরিত্রের আগমন গল্পে তৈরি করেছে নতুন কৌতূহল ও রহস্যের আবহ।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ এরই মধ্যে দর্শকদের পরিচিত একাধিক চরিত্র তাদের স্বভাবসুলভ কর্মকাণ্ডের মধ্য দিয়ে গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। পাশাপাশি রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রতিটি নতুন চ্যাপ্টারে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবার আ খ ম হাসান ও রাশেদ মামুন অপুর সংযোজন সেই ধারাবাহিকতায় গল্পে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, ‘ইংলিশ লেবু’ ও ‘কাজী ভাই’-এর আগমন গল্পকে কোন দিকে নিয়ে যায়।



