আসন্ন বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। দেড় মাসের কম সময়ের মধ্যে মাঠে গড়াতে যাওয়া এই আসরে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতেই মূলত এই সিদ্ধান্ত।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড দেখলেও তা নকআউট পর্বে বহন করতে হবে না—গ্রুপ পর্ব শেষেই ওই রেকর্ড মুছে যাবে। ফলে ওই খেলোয়াড় নকআউট ম্যাচগুলোতে সহজেই খেলতে পারবেন। একইভাবে কোয়ার্টার ফাইনাল শেষেও খেলোয়াড়দের হলুদ কার্ডের তথ্য মুছে ফেলা হবে, যা সেমিফাইনালে ওঠা দলগুলোর জন্য প্রযোজ্য হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে এই সংশোধন আনা হয়েছে। এটিই হবে প্রথম পুরুষ বিশ্বকাপ, যেখানে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর।



