২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিতে যাচ্ছেন। শুক্রবার ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনহা খুব শিগগিরই চিলিতে পৌঁছাবেন। সেখানে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর ক্লাবটির ঐতিহাসিক স্টেডিয়াম এস্তাদিও মনুমেন্তাল-এ আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ক্লাব সভাপতি আনিবাল মোসা বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে আসছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি আমাদের দলের অংশ হবেন।’
যদিও দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো সম্পন্ন হয়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি রহস্যময় পোস্ট দিয়ে ভোজিনহাকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দের এই গোলরক্ষকের কোঁকড়ানো চুলের প্রতীকী ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে—‘অরা’, যা সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেস-এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভোজিনহা। তবে টুর্নামেন্টে একের পর এক অসাধারণ সেভ করে তিনি বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত হন। তার দুর্দান্ত পারফরম্যান্সের পর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮.৩ মিলিয়নে। এছাড়া সমর্থকদের ভোটে তিনি জায়গা করে নেন বিশ্বকাপের সেরা একাদশেও।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোজিনহা জানান, তিনি আরও অন্তত এক বা দুই মৌসুম পেশাদার ফুটবল খেলতে চান। তার ভাষায়, ‘আমি এমন একটি ক্লাবে খেলতে চাই, যারা আমার ফুটবল দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য নয়।’ একসময় তাকে ঘিরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল।
চিলির সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্লাবগুলোর একটি কোলো কোলো। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতেছে। চিলির কোনো ক্লাবের এটিই একমাত্র কোপা লিবার্তাদোরেস জয়। বর্তমানে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্তিজ দলের দায়িত্বে রয়েছেন এবং দলে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ বেশ কয়েকজন পরিচিত ফুটবলার।



