আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে নজিরবিহীন বাণিজ্যিকীকরণে ফুটবলভক্তরা শঙ্কিত। মেগা ফাইনালের এক টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা! ফিফার অফিশিয়াল রিসেল সাইটে চারটি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে, প্রতিটির দাম প্রায় ২৩ লাখ ডলার। আর শুধু টিকিট নয়—স্টেডিয়ামে গাড়ি পার্কিং করলেই খরচ ২৭ হাজার টাকা, ফ্যান জোনে ঢুকতে ১২ ডলারের বেশি, আর ট্রেনভাড়া ১৩ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ ডলারে!
ফিফা প্রতিটি লেনদেনে উভয় পক্ষ থেকে ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ কমিশন নিচ্ছে। মাত্র চারটি টিকিট হাতবদল হলেই ফিফার পকেটে ঢুকবে প্রায় ২২ কোটি টাকা। গড় হোটেল ভাড়া বেড়েছে চারগুণ—মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় একটি রুমের ভাড়া ১৫৭ ডলার থেকে এখন ৩ হাজার ৮৮২ ডলার (সাড়ে ৪ লাখ টাকা)।
নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফিফা ১১ বিলিয়ন ডলার আয় করলেও ভক্তদের জন্য এক ডলারও ব্যয় করছে না। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে ‘ফুটবল উন্নয়ন’ বললেও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা সরব হয়েছেন এই আকাশচুম্বী খরচের বিরুদ্ধে। ‘ডাইনামিক প্রাইসিং’-এর কারণে ফিফার ছাড় দেওয়া সস্তা টিকিটও ধোপে টিকছে না। ফুটবল কি শুধুই করপোরেট মুনাফার ইভেন্টে পরিণত হচ্ছে—এই প্রশ্নই এখন বিশ্বের কোটি ফুটবলভক্তের।



