ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেন জাতীয় ফুটবল দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্পেনের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে রাজপরিবারের চার সদস্যই উপস্থিত থাকবেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
ফাইনালে ওঠার পথে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্পেন। টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা নিশ্চিত করে লা রোজারা। ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল, আর দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোল স্পেনের জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে দলের সাফল্যের পেছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খেলোয়াড়দের নিবেদন এবং অসাধারণ দলগত সমন্বয়কে কৃতিত্ব দেন।
চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগও ছিল অনন্য। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে দলটি। একই সঙ্গে ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে স্প্যানিশরা। শুধু তাই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপীয় ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসিয়েছে দলটি।
স্পেনের ফুটবলের প্রতি রাজপরিবারের আগ্রহ নতুন নয়। এর আগে গত জুনে গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচও মাঠে বসে উপভোগ করেছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ। এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও রাজপরিবারের উপস্থিতি খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সমর্থকরা।
এখন পুরো স্পেনের নজর নিউ জার্সির ফাইনালের দিকে। বিশ্বকাপের মুকুট জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন, আর সেই স্বপ্নপূরণের সাক্ষী হতে গ্যালারিতে থাকবেন দেশটির রাজপরিবারও।
সূত্র: তুর্কি টুডে



