দেশে হামের ভয়াবহতা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার (১০ মে) পর্যন্ত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৪৪ জনের। একই সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়া সত্ত্বেও দেশজুড়ে টিকাদান ক্যাম্পেইন চালু করলেও এখনো বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে রয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে ৩০-৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে প্রায় ১৫ শতাংশ শিশু টিকা পায়নি। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ১ হাজার ৫০৩ জন, যার মধ্যে ১ হাজার ২৭৮ জনকে ভর্তি করা হয়েছে। নতুন করে ২০৫ জন হাম আক্রান্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৩৮ জন), রাজশাহী বিভাগে (৭৮ জন)। বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ এবং রংপুর বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জনে পৌঁছেছে, যার মধ্যে ৬ হাজার ৮১৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোরালো টিকাদান কার্যক্রমের ওপর জোর দিয়েছেন।



