আজ মালদ্বীপে বাংলাদেশ অলিম্পিক দল স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে লড়বে ফাইনালে ওঠার জন্য। মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। আজ বিকেলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে ফাইনালের সমীকরণ। বাংলাদেশ ফাইনাল খেলতে হলে আজ মালদ্বীপকে হারানো ছাড়া উপায় নেই। যদি পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ড্র হয়, তাহলে গোল ব্যবধানের হিসাব সামনে আসবে।
বাংলাদেশ বাদে অন্য তিন দলই সিনিয়র জাতীয় দল নিয়ে খেলছে। অন্যদিকে বাংলাদেশের মূল দল সম্প্রতি সান মারিনোতে খেলেছে। সিনিয়র দলের পাশাপাশি অ-২৩ দল প্রস্তুত করতে বাফুফে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। স্বল্প প্রস্তুতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মারুফুল হকের দল গত দুই ম্যাচে তুলনামূলক ভালো পারফরম্যান্স করেছে। তাই আজ স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে ফাইনাল খেলার ‘মৃদু’ আশা তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।



