বাংলাদেশে জন্ম নেওয়া লেখক পি. পরমিতার সাহিত্যজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। তাঁর প্রথম উপন্যাস ‘অ্যাপেটাইট’ আগামী ৪ আগস্ট উত্তর আমেরিকায় প্রকাশিত হবে। বইটি প্রকাশের পরপরই শুরু হবে একাধিক শহরজুড়ে বই প্রকাশ ও পাঠক সাক্ষাতের সফর, যা ইতোমধ্যেই সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সফরটি শুরু হবে ৬ আগস্ট নিউইয়র্ক থেকে। এরপর ৮ আগস্ট নিউ হ্যাভেন, ২৫ আগস্ট প্রভিডেন্স, ২৭ আগস্ট ম্যাসাচুসেটসের সোমারভিল এবং ৮ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান হবে নিউইয়র্কের ঐতিহ্যবাহী স্ট্র্যান্ড বুকস্টোরে, যেখানে আয়োজনের দায়িত্বে রয়েছে বিশ্বের অন্যতম স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস।
প্রথম বই প্রকাশের সঙ্গে এমন বিস্তৃত উত্তর আমেরিকা সফর একজন লেখকের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। পাঠকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, বই নিয়ে আলোচনা এবং নতুন পাঠক তৈরির এই উদ্যোগ বাংলা ভাষাভাষী সাহিত্যপ্রেমীদের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে।
একজন বাংলাদেশি লেখকের আন্তর্জাতিক অঙ্গনে এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের লেখকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সাহিত্যজগতে তাঁর এই নতুন যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা।



