এমি পুরস্কারজয়ী জনপ্রিয় কানাডিয়ান ভয়েস অ্যাক্টর এরিক বাউজা আর নেই। অ্যানিমেশন দুনিয়ার জনপ্রিয় চরিত্র ‘বাগস বানি’, ‘ড্যাফি ডাক’ এবং ‘পর্কি পিগ’-এর মতো কালজয়ী চরিত্রগুলোতে প্রাণ ফিরিয়ে দেওয়া এই গুণী শিল্পী ৪৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবার ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে এই আকস্মিক মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। চিকিৎসকদের মতে, হাইপারটেনসিভ কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হয়ে তিনি নিজের বাসভবনে মৃত্যুবরণ করেন।
কানাডার ওন্টারিওতে জন্ম নেওয়া এরিক বাউজা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু স্মরণীয় অ্যানিমেটেড প্রোডাকশনে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ‘স্পেস জ্যাম: এ নিউ লেগ্যাসি’, ‘কয়োটে ভার্সেস এসিমি’ এবং ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজের অসাধারণ কণ্ঠ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মর্যাদাপূর্ণ তিনটি এমি পুরস্কার অর্জন করেছিলেন। তার এই অকাল প্রয়াণে অ্যানিমেশন ও বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ওয়ার্নার ব্রসসহ বিনোদন অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট প্রতিষ্ঠান ও সহশিল্পীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মুখে হাসি ফোটানো এই প্রতিভাবান শিল্পীর অবদান অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।



