পর্দার চরিত্র হোক কিংবা নিজের স্পষ্ট বক্তব্য—দুই ক্ষেত্রেই আলাদা পরিচিতি তৈরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অভিনয়ের বৈচিত্র্যে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার কথা বলেছেন নতুন কাজ, সংসার, ব্যক্তিজীবন এবং নিজের বোহেমিয়ান সত্তা নিয়ে। ‘স্টার স্টোরিজ’-এর সেটে তার সঙ্গে ব্যক্তিগত নানা বিষয়ে আলাপ করেছেন পান্থ আফজাল।
নতুন বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন অর্ষা। তবে সেসব কাজের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি। ‘স্টার স্টোরিজ’-এ নিজের নতুন কাজের প্রসঙ্গে অভিনেত্রী জানান, বেশ কিছু নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন, তবে সেগুলোর বিষয়ে এখনই কথা বলার অনুমতি নেই।
অভিনয়ের পাশাপাশি প্রায় দুই বছরের সংসার জীবনও পার করছেন অর্ষা। কাজ ও ব্যক্তিজীবনের সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, সংসার এমন একটি বিষয় যেখানে সব সময় একই রকম পরিস্থিতি থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়। সবকিছু মিলিয়ে যতটা সহজভাবে সম্ভব পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন তারা। অর্ষার ভাষায়, সংসার খুবই জটিল বিষয় এবং নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তবে এখন পর্যন্ত তারা দুজনই ভালো আছেন বলে জানান তিনি।
ব্যক্তিজীবনে তিনি সত্যিই সুখী, নাকি সুখী থাকার অভিনয় করেন—এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর দিয়েছেন অর্ষা। তার মতে, মানুষের জীবনে সব সময় শতভাগ সুখ থাকা সম্ভব নয়। সম্পর্ক ও পরিস্থিতি সামলাতে অনেক সময় অভিনয়ের প্রয়োজন হয়। তিনি মনে করেন, ব্যক্তিজীবনে কখনো কখনো ভূমিকা পালন না করলে কাছের মানুষদের কষ্ট দেওয়া হতে পারে। পরিস্থিতি কঠিন হয়ে উঠলে সম্পর্ক ও পরিবেশ স্বাভাবিক রাখতে কিছুটা অভিনয় করাও প্রয়োজন বলে মনে করেন তিনি। নিজের প্রসঙ্গে অর্ষা বলেন, কখনো তিনি সুখী থাকেন, আবার কখনো একদমই সুখী থাকেন না।
একসময় নিজেকে বোহেমিয়ান হিসেবে পরিচয় দিতেন অর্ষা। সময়ের সঙ্গে জীবনে কিছুটা পরিবর্তন এলেও সেই বোহেমিয়ান সত্তা এখনো তার ভেতরে রয়ে গেছে। বর্তমানে নিজেকে আরও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি। তার মতে, বোহেমিয়ান সত্তাটি তার ব্যক্তিত্বের গভীরে প্রোথিত এবং সেটি এখনো তার ভেতরে রয়েছে।
মাঝেমধ্যেই সবকিছু ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে অর্ষার। সুযোগ পেলেই পাহাড় কিংবা সমুদ্রের সৌন্দর্যে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী।
অর্ষার পছন্দের তারকাদের তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপি করিম। অপি করিমের জীবনবোধ, সরলতা ও অভিনয় অর্ষাকে অনুপ্রাণিত করে। তার জীবনযাপনের সরলতার সঙ্গে নিজের জীবনের অনেক মিল খুঁজে পান বলেও জানান অর্ষা।
অপি করিমের অভিনয়জীবনের বৈচিত্র্যও মুগ্ধ করে অর্ষাকে। মঞ্চ, উপন্যাসভিত্তিক কাজ কিংবা ভিন্নধর্মী চরিত্র—বিভিন্ন মাধ্যমে অপি করিমের কাজের বিস্তৃতি তুলে ধরে অর্ষা বলেন, তিনি একজন অসাধারণ পারফর্মার এবং খুবই মাটির কাছাকাছি থাকা মানুষ। তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে বলেও মনে করেন অর্ষা।
অপি করিমের ব্যক্তিত্বের সরলতাই তাকে অর্ষার কাছে আরও আলাদা করে তুলেছে। এত কিছু অর্জনের পরও বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনে অপি করিমকে দেখলে তাকে খুব আপন মনে হয় বলে জানান অর্ষা। তার মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি বা নিজেকে জাহির করার প্রবণতা নেই বলেও উল্লেখ করেন তিনি। অর্ষার মতে, অপি করিম শুধু ভালো পারফর্মারই নন, একজন ভালো মানুষ হিসেবেও তিনি অসাধারণ।
পান্থ আফজালের উপস্থাপনায় নাজিয়া হক অর্ষাকে নিয়ে ‘স্টার স্টোরিজ’-এর পুরো সাক্ষাৎকারটি আগামী বৃহস্পতিবার রাত ৮টায় ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে।



