নিউইয়র্ক, বৃহস্পতি, ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে Borough of Manhattan Community College (BMCC), 199 Chambers Street, New York, NY 10007, USA-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬। এ আয়োজনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী কর্মসূচির শুরু হবে সকাল ৯:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর সকাল ১১:৩০টায় Global Investment, Banking, Finance & Remittances Forum 2026 এবং বিকেল ৩: ০০টায় International Business Excellence Award-2026 অনুষ্ঠিত হবে।
Bangladesh–USA Chamber of Commerce and Industry (BUCCI) এবং Greater New York Chamber of Commerce-এর যৌথ আয়োজনে এবং International Trade Fair LLC ও USA–Bangladesh Business Links-এর সহযোগিতায় এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। মেলার এবারের প্রতিপাদ্য “Connecting Global Markets, Creating Opportunities for Trade and Investment.”
বাংলাদেশি পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে এই ট্রেড ফেয়ারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে এটি আরও বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে রূপান্তরিত হয়, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ বছর Greater New York Chamber of Commerce-এর সঙ্গে যৌথভাবে ধারাবাহিক পঞ্চমবারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
বিগত বছরগুলোতে এই ট্রেড ফেয়ার একটি সাধারণ পণ্য প্রদর্শনীর গণ্ডি পেরিয়ে B2B ও B2G সংযোগ, ব্যবসায়িক নেটওয়ার্কিং, বিনিয়োগ আলোচনা, পণ্য প্রচার, আর্থিক সংযোগ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পূর্ববর্তী আয়োজনগুলোতে ১৫০টিরও বেশি কোম্পানি, ৫৪ জন বিশিষ্ট বক্তা ও অতিথি এবং প্রায় ১,৮০০ দর্শনার্থী অংশগ্রহণ করেন, যা এই প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান পরিসর ও গুরুত্বকে তুলে ধরে।
ট্রেড ফেয়ারটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পৃক্ততা তৈরির পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতেও গুরুত্ব দেয়। বৈধ, আনুষ্ঠানিক ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। একই সঙ্গে প্রবাসীদের আর্থিক সম্পদকে বাংলাদেশের উৎপাদনশীল বিনিয়োগের সঙ্গে সংযুক্ত করে “Remittance to Investment”-এর দিকে অগ্রসর হওয়ার সুযোগ সৃষ্টি করাও আয়োজকদের অন্যতম লক্ষ্য।
এবারের International Business Excellence Award-2026-এর মাধ্যমে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনীতি, পেশাগত উৎকর্ষতা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের সম্মাননা প্রদান করা হবে।
এ বছর ৬ জন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্বকে International Business Excellence Award-2026-এর জন্য নির্বাচিত করা হয়েছে। দেশের ব্যবসা ও অর্থনীতিতে তাদের অসামান্য অবদান এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক মুদ্রা আয় অর্জন ও নিয়ে আসার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হবে। তাদের সাফল্য বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন।
আয়োজকরা উল্লেখ করেন, ট্রেড ফেয়ারটি একটি ব্যবসাকেন্দ্রিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য বাস্তব ও কার্যকর সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে।
এবারের আয়োজনটি Greater New York Chamber Annual Business Expo-এর ২৫তম বার্ষিকীর সঙ্গেও মিলিত হয়েছে। ফলে এবারের অনুষ্ঠান দুই অংশীদার সংগঠনের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকরা আশা করছেন, পঞ্চম আন্তর্জাতিক ট্রেড ফেয়ার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারের মধ্যে বাণিজ্যিক সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানের বিস্তারিত
তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্থান: Borough of Manhattan Community College (BMCC), 199 Chambers Street, New York, NY 10007, USA
উদ্বোধনী অনুষ্ঠান: সকাল ৯:৩০টা
Global Investment, Banking, Finance & Remittances Forum: সকাল ১১:৩০টা
International Business Excellence Award: বিকেল ৩:১৫টা
প্রতিপাদ্য: “Connecting Global Markets, Creating Opportunities for Trade and Investment.”



