নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে সরকার প্রথম ধাপে আসন্ন জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করতে পারে। তবে পে কমিশন মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করলেও সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এটি ৬০ থেকে ৭০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সূত্র জানায়, তিন ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে কমিশনের সুপারিশের ৬০-৭০ শতাংশের মধ্যেও অর্ধেক, অর্থাৎ প্রায় ৫০ শতাংশ মূল বেতন বাড়তে পারে।
এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও এই পে স্কেলের সুবিধা পাবেন বলে জানিয়েছে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়। যদিও সরকার তাদের পুরো বেতন দেয় না, তবে অনুদানের অংশ বাড়ানোর মাধ্যমে বাড়তি সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হয়েছে। উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের আলোকে প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।



