দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ। তবে এবার শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না তিনি; নির্মাতার ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। দেশের সাম্প্রতিক বাস্তবতা, রাজনীতি ও নানা ঘটনাপ্রবাহকে গল্পের কেন্দ্রে রেখে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘শিরোনাম’।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কাজী মারুফ। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও দেশের চলচ্চিত্রের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিরোনাম’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নতুন সিনেমায় অভিনয় ও নির্মাণের খবরও জানান।
প্রকাশিত পোস্টারে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তিনটি সংবাদপত্র। একটিতে লেখা—‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’। অন্য দুটির শিরোনাম—‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ এবং ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’। পোস্টারের এই দৃশ্যপট থেকেই সিনেমাটির সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। দেশের রাজনীতি, সীমান্ত পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনার ছায়া সিনেমাটির গল্পে থাকতে পারে।
তবে কোন ঘটনা বা নির্দিষ্ট কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে ‘শিরোনাম’-এর গল্প এগোবে, তা এখনই বিস্তারিত জানাতে চান না কাজী মারুফ। সিনেমাটির গল্প প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এটি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনার ছায়ায় নির্মিত হলেও পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নয়। সিনেমায় কল্পনা ও বাস্তবতার সমন্বয় থাকবে বলেও জানান তিনি।
এর আগে ‘গ্রীন কার্ড’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী মারুফ। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নির্মাণের দায়িত্বও পালন করেন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও নানা বাস্তবতাকে গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি অবশ্য প্রত্যাশিত সাড়া পায়নি।
এবার ‘শিরোনাম’-এর মাধ্যমে ভিন্ন প্রেক্ষাপটের গল্প তুলে ধরতে চান কাজী মারুফ। সিনেমাটির শুটিং হবে বাংলাদেশে এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি নিজেই। তবে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দেশে ফিরে নায়িকাসহ অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলী নির্বাচন করবেন নির্মাতা।
কাজী মারুফ জানিয়েছেন, সিনেমাটির কাজ শুরু করতে চলতি মাসেই দেশে ফিরছেন তিনি। আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার পর ‘শিরোনাম’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীদের চূড়ান্ত করা হবে। এরপরই শুরু হবে সিনেমাটির শুটিং।
‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা কাজী মারুফ একসময় নিয়মিত রুপালি পর্দায় কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর এবার নিজের নির্মাণে নতুন গল্প নিয়ে তাঁর প্রত্যাবর্তন হতে যাচ্ছে। ‘শিরোনাম’ সিনেমার মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে কতটা আগ্রহ তৈরি করে, এখন সেটিই দেখার অপেক্ষা।



