বলিউড সুপারস্টার সালমান খান নতুন অ্যাকশন মিশনে নামছেন। আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে তার পরবর্তী সিনেমা ‘এসভিসি৬৩’ (নাম পরিবর্তন হতে পারে) এর কাজ। অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু, আর পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি, যিনি ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যেই এটি নির্মিত হচ্ছে।
মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে প্রথম শিডিউলের কাজ শুরু হবে, যেখানে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানে সালমান একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন। আগামী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে এবং আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, সালমান খানের আরেক সিনেমা ‘মাতৃভূমি’ যুদ্ধভিত্তিক হলেও সংবেদনশীল বিষয়বস্তুর কারণে ১৭ এপ্রিলের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে এবং তা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এটির মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা করেননি পরিচালক অপূর্ব লাখিয়া।



