অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির পঞ্চম সপ্তাহ শেষে শুধু এই অঞ্চলেই এর আয় ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা) ছাড়িয়েছে। এটি বক্স অফিস ইতিহাসের ১২তম অ্যানিমেটেড সিনেমা হিসেবে এই সাফল্য অর্জন করল এবং ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম হলো। ৪০২.৭ মিলিয়ন ডলার আয় করে এটি ‘ফ্রোজেন’-এর ৪০০.৭ মিলিয়ন ডলারের রেকর্ড পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড সিনেমার তালিকায় ১১তম স্থানে চলে গেছে।
আন্তর্জাতিক বাজারেও দাপট দেখিয়ে সিনেমাটি পঞ্চম সপ্তাহান্তে ৩২.২ মিলিয়ন ডলার আয় করেছে। ফলে উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৯৪.২ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৩০ কোটি টাকা। আগামী সপ্তাহেই এটি ৯০০ মিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলকও ছুঁতে পারে সুপার মারিও।
বর্তমানে ‘মাইকেল’ ও ‘দ্য ডেভিল উইয়ারস প্রাডা টু’-এর মতো প্রতিযোগিতা সত্ত্বেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। বিশ্লেষকরা বলছেন, এটি খুব দ্রুত ‘অ্যা মাইনক্রাফট মুভি’-কেও ছাড়িয়ে যাবে। গত ১ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যারন হরভথ, মাইকেল জেলেনিক ও পিয়েরে লেডাক। চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। কণ্ঠ দিয়েছেন ব্রি লারসন, ভার্জিনিয়া ডেয়ার জেলেনিক ও বেনি সাফডির মতো তারকারা।



