বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। ২০০৯ সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ ১৭ বছর পর সিক্যুয়েলের খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানিয়েছেন, নতুন গল্পে চরিত্রদের বয়স বাস্তব সময়ের মতোই বাড়বে—কলেজজীবনের সেই তরুণ ছাত্ররা এখন জীবনের অন্য এক কঠিন বাস্তবতার মুখোমুখি।
পরিচালক বলেন, ‘আমরা “থ্রি ইডিয়টস”–এর সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এবার র্যাঞ্চো-ফারহান-রাজুকে এক চরম মাঝবয়সী সংকট বা “মিড-লাইফ ক্রাইসিস”–এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের নতুন চাপই হবে গল্পের মূল কেন্দ্রবিন্দু।’
বলিউডে সফল ছবির সিক্যুয়েল বানিয়ে ব্যবসা করার প্রচলন থাকলেও রাজকুমার হিরানি স্পষ্ট জানিয়েছেন, মানের সঙ্গে কোনো আপস করবেন না। চিত্রনাট্য যতক্ষণ প্রথম ভাগের মতো নিখুঁত ও শক্তিশালী না হবে, ততক্ষণ শুটিং শুরু করবেন না। তাঁর কথায়, ‘এই সিনেমা মানুষের আবেগের সঙ্গে জড়িত, তাই ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে সস্তা উপায়ে টাকা কামানোর জন্য দ্বিতীয় ভাগ আনতে চাই না। যথাযথ ও অর্থপূর্ণ চিত্রনাট্য তৈরি হলেই ক্যামেরা চালু করব।’
গত এপ্রিলে সিক্যুয়েলের খবর নিশ্চিত করে আমির খান জানান, প্রথম ভাগের গল্পের ঠিক ১০ বছর পর থেকে শুরু হবে দ্বিতীয় ভাগ—কলেজজীবন পার করে চরিত্ররা যখন বাস্তব দুনিয়ায় প্রতিষ্ঠিত, সেই সময়ের প্রেক্ষাপটে বোনা হয়েছে নতুন গল্প। আমির বলেন, ‘রাজু (রাজকুমার হিরানি) এখন “থ্রি ইডিয়টস ২”–এর কাজে ব্যস্ত। আমি গল্প শুনেছি, এটা এককথায় অসাধারণ! চরিত্রগুলো একই, তবে গল্প এগোবে ঠিক ১০ বছর পর থেকে।’



