শুক্রবার (৮ মে) বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার বাজারে তেলের দাম আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ‘উসকানিহীন’ হামলা প্রতিহত করা হয়েছে। এসব হামলার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের ব্যবহার। মার্কিন নৌজাহাজগুলো উপসাগর ছেড়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়।
সকালবেলার লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫ শতাংশ বেড়ে ১০১.৬০ ডলারে পৌঁছেছে। যদিও সেশনের শুরুতে দাম ২ শতাংশেরও বেশি বেড়েছিল। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও ১.১ শতাংশ বেড়ে ৯৫.৮৭ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। গত ২১ এপ্রিল তিনি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। হামলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং ওয়াশিংটনের দাবি আগের মতোই আছে—তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি আরও বলেন, আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তাদের বুঝতে হবে, যদি চুক্তি না হয়, তাহলে তাদের অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। তাঁর বিশ্বাস, ইরান এই চুক্তি তাঁর চেয়েও বেশি চায়।



