দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করায় এবং সকল ৬৪ জেলায় ছড়িয়ে পড়ায় চলতি মাসে সংক্রমণ আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী জাবের বিশ্লেষণ অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ঢাকা ছাড়াও খুলনায় সংক্রামণ জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিষ্ঠানটি শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আগামী দুই থেকে তিন সপ্তাহজুড়ে ডেঙ্গুর এই উচ্চ সংক্রমণ অব্যাহত থাকতে পারে।
আইইডিসিআরের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী সপ্তাহে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, পিরোজপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কক্সবাজার, সিরাজগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বরগুনা, বান্দরবান ও পটুয়াখালী—এই ১৫টি জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। একই সাথে জলবায়ুভিত্তিক আগাম বার্তা ব্যবস্থার আওতায় বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, যশোর, চাঁদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও রাজশাহীর মতো জেলাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও বর্তমানে সবচেয়ে বেশি রোগীর চাপ ঢাকায় রয়েছে, তবে খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ধারাবাহিক রোগী বৃদ্ধির ধারা নতুন উদ্বেগ তৈরি করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থানীয় বাসিন্দাদের বাসাবাড়ির চারপাশে জমা পানি অপসারণ এবং জ্বর হলে দ্রুত চিকিৎসা ও পরীক্ষার নেওয়ার পরামর্শ প্রদান করছেন।



