জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে ব্যবহারকারীদের যোগাযোগ ও অংশগ্রহণের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত হচ্ছে। নতুন আপডেট চালু হলে ভিডিওর কমেন্ট বিভাগে শুধু টেক্সটের পরিবর্তে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস মেসেজ পাঠানোর পাশাপাশি পোল তৈরি এবং একসঙ্গে একাধিক ছবি যুক্ত করার সুযোগ পাওয়া যাবে।
নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো ‘ভয়েস কমেন্ট’। এ সুবিধার মাধ্যমে কমেন্ট বক্সের মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের কণ্ঠবার্তা ধারণ করে সেটিকে কমেন্ট হিসেবে পোস্ট করা যাবে। অন্য ব্যবহারকারীরাও সেই ভয়েস কমেন্ট শুনতে পারবেন। তবে ভয়েস কমেন্টের ক্ষেত্রেও টিকটকের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি কর্মীদের সহায়তাও নেওয়া হবে।
এ ছাড়া কমেন্ট বিভাগে পোল বা ভোট আয়োজনের সুবিধাও চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা নিজেদের তৈরি ভিডিও সম্পর্কে দর্শকদের মতামত জানতে পোল তৈরি করতে পারবেন। প্রতিটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে এবং ভোটের ফলাফল কমেন্ট বিভাগেই দেখা যাবে।
কমেন্টে একাধিক ছবি যুক্ত করার সুবিধাও থাকছে নতুন আপডেটে। আগে একটি কমেন্টে একটি ছবি যুক্ত করা গেলেও এখন সর্বোচ্চ নয়টি ছবি একসঙ্গে পোস্ট করা যাবে। ফলে কোনো ঘটনা, ভ্রমণ কিংবা বিশেষ মুহূর্তের একাধিক ছবি আলাদা আলাদা কমেন্ট না করে একসঙ্গে শেয়ার করা সম্ভব হবে। পাশাপাশি লাইভ ছবি কমেন্টে পোস্ট করার সুবিধাও বিশ্বজুড়ে চালু করা হচ্ছে। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা উন্মুক্ত করা হবে।



