চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, ডিপসিকসহ একাধিক চীনা প্রতিষ্ঠান মার্কিন এআই ল্যাবগুলোর মেধাস্বত্ব চুরির চেষ্টা চালাচ্ছে। এ প্রেক্ষিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী কূটনৈতিক মিশনগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ওই বার্তায় বলা হয়, মার্কিন মালিকানাধীন এআই মডেল থেকে তথ্য সংগ্রহ করে চীন নিজস্ব মডেল তৈরি করছে, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এসব মডেলে মূল প্রযুক্তির মতো শক্তিশালী নিরাপত্তা কাঠামো নাও থাকতে পারে এবং ভুল তথ্য প্রদান করার সম্ভাবনাও থাকে।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়ায় ‘এআই ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যেখানে বড় ও ব্যয়বহুল মডেলের জ্ঞান ব্যবহার করে তুলনামূলক ছোট ও কম খরচের মডেল তৈরি করা হয়। এতে দ্রুত এবং সাশ্রয়ীভাবে শক্তিশালী এআই তৈরি সম্ভব হয়। সম্প্রতি চীনা স্টার্টআপ ডিপসিক হুয়াওয়ে চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন এআই মডেলের প্রিভিউ উন্মোচন করেছে, যা চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার অগ্রগতির ইঙ্গিত দেয়।
এদিকে, মার্কিন প্রশাসন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছে। কূটনৈতিক বার্তায় মুনশট ও মিনিম্যাক্স নামের আরও দুটি চীনা প্রতিষ্ঠানের উল্লেখ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ওয়াশিংটনে চীনা দূতাবাস এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, চীন মেধাস্বত্ব সুরক্ষাকে গুরুত্ব সহকারে দেখে।
বিশ্লেষকদের মতে, এই ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে এ ধরনের অভিযোগ দুই দেশের সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।



