বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিস্তৃত জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে এত বড় সমুদ্রসীমা নিয়মিত পর্যবেক্ষণ করা এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সঙ্গে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।
পরিকল্পিত ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও পর্যবেক্ষণের আওতায় আসবে। এতে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা বিশ্লেষণ করা সম্ভব হবে। পাশাপাশি অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নেও এ প্রযুক্তি সহায়ক হবে।
বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক এই নজরদারি সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি করা হয়েছিল।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযানের সন্ধানে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়। নতুন স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে এআইএস সুবিধাসম্পন্ন নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা পরিচালনা আরও সহজ হবে।
এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিত যাত্রাপথ নির্ধারণ করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করতে পারলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
সূত্র: বাসস



