বাংলাদেশি স্থপতি ও আরবান ডিজাইনার জিনুরাইন তাসবির শতিল যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ ‘৩০(আইশ) অ্যাওয়ার্ড ২০২৬’-এ পরিবেশ কর্মী (Environmental Activist) ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। কার্ডিফ ইউনিভার্সিটির এই কৃতি প্রাক্তন ছাত্রকে তার টেকসই নগর উন্নয়ন এবং পরিবেশবান্ধব ডিজাইনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
তার এই কাজের পরিধিতে ঢাকার বিভিন্ন পাবলিক পার্ক ও খেলার মাঠের রূপান্তর বা পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। এই উদ্যোগগুলোর মাধ্যমে তিনি শহুরে জনবসতির জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, প্রবেশগম্য এবং বসবাসোপযোগী স্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই ডিজাইনগুলো নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে।
আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশি স্থপতির এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। টেকসই ও জনবান্ধব নগর পরিকল্পনা নিয়ে তার এই দূরদর্শী কাজ ভবিষ্যতের তরুণ স্থপতি ও পরিবেশকর্মীদের অনুপ্রাণিত করবে। কার্ডিফ ইউনিভার্সিটির এই স্বীকৃতি তার কর্মপ্রচেষ্টাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।



