স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিতে বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ৩টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এই অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণসংক্রান্ত প্রস্তাব গ্রহণ ও অনুমোদন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। একইভাবে নেপালের প্রস্তুতিকালও বাড়ানো হয়েছে।
বাংলাদেশের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্র উরুগুয়ে। এতে জি-৭৭-ভুক্ত দেশগুলো এবং চীন সমর্থন জানায়। সাধারণ পরিষদের বিবেচনায়, এলডিসি তালিকা থেকে উত্তরণ এমনভাবে হওয়া প্রয়োজন, যাতে তা টেকসই ও অপরিবর্তনীয় হয় এবং সংশ্লিষ্ট দেশের উন্নয়ন পরিকল্পনা, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে কোনো বিঘ্ন না ঘটে।
এর আগে, ২০ অক্টোবর প্রস্তুত করা এ/৮১/এল.৮ নম্বর খসড়া প্রস্তাবে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত করার সুপারিশ করা হয়েছিল। বৃহস্পতিবারের অধিবেশনে সেই প্রস্তাবই অনুমোদন পায়।
তবে বাড়তি এই সময়ের যথাযথ ব্যবহার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা, প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর মাধ্যমে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।



