বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল এখন শুধু বাংলাদেশের ক্রিকেটের কাঠামো পরিবর্তনেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয় হতে চান। তাঁর পরিকল্পনা আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে যোগাযোগ জোরদার করে বাংলাদেশের ক্রিকেটের লক্ষ্য ও প্রয়োজন তুলে ধরা। সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান, অধিনায়কত্ব ও বোর্ড সভাপতির দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন। অধিনায়ক যেখানে শুধু দল ও খেলার দিকে মনোযোগ দেন, সেখানে সভাপতি হিসেবে ভাবতে হয় পুরো কাঠামো—খেলোয়াড়, কোচিং স্টাফ, এমনকি বোর্ডের কর্মীদের নিয়েও।
তামিম বলেন, ‘এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়।’ খেলোয়াড়ি অভিজ্ঞতা তাঁকে বর্তমান দায়িত্বে সহায়তা করছে। তিনি জানেন, ড্রেসিংরুমে খেলোয়াড়রা বোর্ড নিয়ে কী ভাবতেন এবং কী চান। সে অনুযায়ী ছোটখাটো বিষয়েও পরিবর্তন আনার চেষ্টা করছেন। দর্শকদের কথাও ভাবছেন—স্টেডিয়ামে বিনামূল্যে পানি সরবরাহ, উন্নত টয়লেট ব্যবস্থা ও অবকাঠামো সংস্কারে জোর দিচ্ছেন।
তামিম আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চান। তাঁর বক্তব্য, ‘বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যেখানে পৌঁছাতে চায়, সেখানে যাওয়ার জন্য প্রতিটি ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমাদের কী ধরনের সমর্থন প্রয়োজন, সে বিষয়ে আমি কথা বলতে চাই।’ নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাকেও অগ্রাধিকার দিয়েছেন তিনি। পেশাদার কাঠামো বজায় রেখে নির্বাচক ও কোচদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পক্ষেও মত দিয়েছেন সাবেক এই অধিনায়ক।



