ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থায় নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ সফটওয়্যারের মাধ্যমে মালিক বা চালকের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ রেজিস্ট্রিকৃত ডাকযোগে পাঠানো হচ্ছে। বিশেষ করে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে হাজিরা না দিলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে উন্নত সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির সফটওয়্যার স্থাপন করা হয়েছে, যা লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টোপথে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানো ও লেফট লেন ব্লক করার মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। ডিএমপি জানিয়েছে, এই মামলার জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত তথ্য বা নগদ লেনদেন করা যাবে না। কোনো অসাধু চক্র অর্থ দাবি করলে তাৎক্ষণিক থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



