মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল-নাসরকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ এই তারকা। হ্যাটট্রিকের পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-তে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল-নাসর। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধ শেষে ২-২ গোলে সমতায় ছিল রোনালদোর দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের চিত্র বদলে দেন পর্তুগিজ অধিনায়ক। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে পরপর তিনটি গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ম্যাচের শুরুটা অবশ্য আল-নাসরের জন্য সহজ ছিল না। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। আট মিনিট পর জোয়াও ফেলিক্সের পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে আল-নাসরকে সমতায় ফেরান। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোয়ান এসোম্বার গোলে আবারও সমতায় ফেরে আল খুলুদ।
দ্বিতীয়ার্ধে শুরু হয় রোনালদোর গোল উৎসব। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে গোল করে আল-নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পর ফেলিক্সের আরেকটি পাস থেকে হেডে গোল করে ব্যবধান ৪-২ করেন রোনালদো। এরপর ৮১ মিনিটে সাদিও মানের পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ এই তারকা।
মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আল-নাসর। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আল খুলুদের হয়ে আরও একটি গোল করেন দোমিঙ্গেস। তবে তাতে আল-নাসরের ৫-৩ ব্যবধানের জয় আটকানো যায়নি।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৬৭ বার এক ম্যাচে অন্তত তিন গোল করার কীর্তি গড়লেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের জার্সিতে ১০টি, আল-নাসরের হয়ে সাতটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে তার।
প্রকাশিত হিসাব অনুযায়ী, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮৫। অন্যদিকে লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬। ফলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।



