সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্কের বিশ্বাস—সবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করার আশায় নিজের ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে ১ হাজার ২০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, তাঁর স্বপ্নের নারী বাস্তবে কোনো মানুষ নন; তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী এডিমার মার্টিন্স পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি টিভি মিরান্তেকে জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামের একটি অ্যাকাউন্টের সঙ্গে তাঁর পরিচয় হয়। দীর্ঘদিন ধরে ওই অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগের পর তিনি বিশ্বাস করতে শুরু করেন, জেসিকাই তাঁর জীবনের কাঙ্ক্ষিত সঙ্গী। সেই বিশ্বাস থেকেই তাঁকে বিয়ে করার আশায় দূরপথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
গত ৯ অক্টোবর ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে নিজের ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে যাতায়াতের খরচ জোগাড় করেন মার্টিন্স। এরপর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে ১১ অক্টোবর প্রেমিকার খোঁজ শুরু করেন তিনি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাঁর দেখা পাননি। একপর্যায়ে স্থানীয় একটি রেডিও স্টেশনে গেলে তাঁকে জানানো হয়, জেসিকা অলিভেইরা নামে ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। পরে অর্থ ফুরিয়ে গেলে বেলো হরিজন্তে সিটি হলে গিয়ে একজন সমাজকর্মীর কাছে নিজের পরিস্থিতির কথা জানান। সেখান থেকে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা পান তিনি।
মার্টিন্স জানান, একাকিত্ব কাটিয়ে একটি সম্পর্ক গড়ে তোলার আশাতেই তিনি এত দূর এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হতাশা নিয়ে ফিরতে হয়। জেসিকা অলিভেইরা নামের অ্যাকাউন্টটির অনুসারী ছিল প্রায় তিন লাখ। সেখানে প্রকাশিত একটি ভিডিওতে এআই-নির্মিত নারী চরিত্রটি জানিয়েছিল, সে এমন একজন পুরুষকে খুঁজছে, যাঁকে নিজের খামারে নিয়ে গিয়ে আর্থিকভাবে দেখাশোনা করতে পারবে।
তবে পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে অ্যাকাউন্টটির পরিচালনাকারী স্বীকার করেন, জেসিকা একটি এআই-তৈরি চরিত্র এবং মার্টিন্সের সঙ্গে তাঁর সরাসরি কোনো যোগাযোগও হয়নি। পরিচালনাকারীর দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যে অনুসারী বাড়ানো ও মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল।
এ ঘটনায় হতাশ হলেও বাস্তব জীবনে সঙ্গী খোঁজার আশা ছাড়েননি মার্টিন্স। বর্তমানে এক আত্মীয়ের সঙ্গে বসবাস করছেন তিনি। ভবিষ্যতে আবারও বেলো হরিজন্তে যাওয়ার এবং বাস্তব জীবনে একজন সঙ্গী খুঁজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই ব্রাজিলীয় ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের ক্ষেত্রে সতর্কতা, অনলাইন পরিচয়ের সত্যতা যাচাই এবং এআই-নির্মিত চরিত্র সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব সামনে এনেছে।



